যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন একাধিক বিতর্কিত ছবি, যেখানে দেখা যাচ্ছে তিনি গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা উড়াচ্ছেন। এই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মহলে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

এক ছবিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর পাঠানো একটি বার্তার স্ক্রিনশটসহ একটি উপস্থাপনা বোর্ড দেখা যায়। মূলত এটি ২০২৫ সালের আগস্টে তোলা একটি আলোকচিত্রের সম্পাদিত সংস্করণ, যা ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় নেতাদের ওয়াশিংটন সফরের সময়ের ঘটনা। ছবিতে উত্তর আমেরিকা, কানাডা ও গ্রিনল্যান্ডের ওপর মার্কিন পতাকা স্থাপন করা হয়েছে, যেখানে মূল ছবিতে ছিল ইউক্রেন সংঘাতের ফ্রন্টলাইন।

অন্য একটি ইলাস্ট্রেশনধর্মী ছবিতে ট্রাম্পকে গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা স্থাপন করতে দেখা যায়। ছবিতে তার পাশে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবিতে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে ‘গ্রিনল্যান্ড: মার্কিন ভূখণ্ড, প্রতিষ্ঠা ২০২৬’।